ঘাট মেরামতের কাজ অব্যাহত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। পদ্মায় প্রবল স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে তিনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দু’দিন ধরে ঘাট মেরামতের কাজ অব্যাহত রেখেছে সংশিষ্ট কর্তৃপক্ষ।

নদীতে স্রোত ও ভাঙনের কারণে ঘাট পাইলিং করে পন্টুন স্থাপন করতে বেশি সময় লাগছে বলে জানান সংশিষ্ট কর্মকর্তরা। যদিও তিন নম্বর ঘাটে পন্টুনের একটি পকেট দিয়ে সীমিত আকারে কয়েক ঘণ্টা পর পর ছোট ফেরির মাধ্যমে ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক (মেরিন ) আব্দুস সোবাহান বাংলানিউজকে জানান, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্টদের নিয়ে ঘাট মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নদীতে প্রচণ্ড স্রোত ও ভাঙনের কারণে পন্টুন স্থাপন করতে হিমশিম খেতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি এ সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এমএনজে