কুড়িগ্রামে ডিবি পরিচয়ে অপহরণের ৪ দিন পর কাপড় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে লালমনিরহাটের তিস্তা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানান, আনোয়ারকে উদ্ধারে তার বড়ভাই গত বৃহস্পতিবার রাতে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দেয়ার পর আরও ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানোর পর ওই বিকাশ নম্বরের সূত্র ধরে সন্দেহভাজন ৭ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে লালমনিরহাটের তিস্তা এলাকার একটি বাড়ি থেকে আনোয়ারকে উদ্ধার করে পুলিশ।

গত ৯ অক্টোবর কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে আনোয়ারকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর অপহৃতের বড়ভাই ২১ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা করেন।

এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ।

জেআই