চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত পাট চাষ হয়েছে যশোরের শার্শা উপজেলায়। মাঠ জুড়ে সবুজ পাটের ক্ষেত। এবার পাটের বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। ভাল বীজসহ সার ডিজেল ও কীটনাশকের সহজ প্রাপ্যতায় এবার পাট ভাল হয়েছে বলে জানান কৃষকরা।

পাটের দাম বৃদ্ধিসহ উৎপাদন মূল্য কম হওয়ায় অধিক লাভের আশায় পাট চাষ করছেন তারা। ৪ হাজার ৫শ' হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নিয়ে ৪ হাজার ৮শ' হেক্টর জমিতে পাট চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার।

প্রাকৃতির অনুকূল আবহাওয়াসহ বীজ ভাল হওয়ায় পাটের চারা ভাল হয়েছে। ফলনও বেশি হবে বলে আশা চাষীদের। তবে বৃষ্টি না হলে পাটের বাম্পার ফলনে কিছুটা ভাটা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শার্শার চাষীরা।

নাভারন কুলপালা গ্রামের ফরিদা বেগম বলেন, আমরা এবার তিন বিঘা জমিতে পাট করেছি। ফলন হয়েছে ভাল। গত বার পাটের দাম ভাল পাওয়ায় এবার তারা আরো ২ বিঘা জমি বেশি পাটর চাষ করেছেন।

একই কথা বলেন শার্শা নারায়ণপুর গ্রামের আলম হোসেন। তিনি বলেন, পাট চাষ লাভজনক চাষ। পাটের খড়ি বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকা। তিনি এবার ৭ বিঘা জমিতে পাট চাষ করেছেন বলেন জানান।

নিজামপুর গ্রামের কোহেলী খাতুন বলেন, গতবার ২ বিঘা জমিতে পাট চাষ করে ২০ হাজার টাকা লাভ করেছেন। দাম পেয়েছেন ভাল। এবার পাট ভাল হয়েছে। দাম ভাল পেলে অধিক লাভ করবেন বলে আশা তার।

শার্শা উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার বলেন, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত পাট চাষ হয়েছে। ফলন হয়েছে ভাল। দিন দিন পাট চাষ বাড়ছে বলেও জানান এই কৃষি অফিসার।

এআর