টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় আগুনে পুড়ে আব্দুল হামিদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। এ সময় চারটি দোকান পুড়ে গেছে।
উপজেলার বড় চওনা বাজারে শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ওই বাজারের একটি মনিহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা চারজন দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে একজন অক্ষত এবং দু’জন আহত অবস্থায় দোকান থেকে বের হলেও আব্দুল হামিদ আগুনে পুড়ে মারা যান।
ওসি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারটি দোকান পুড়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেআই





