চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭’শ পিস ইয়াবা’সহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- কেঁওচিয়া ছাত্রলীগের সভাপতি মো. শফিউল আলম সোহেল (৩০) ও তাঁর ফুফাতো ভাই ছাত্রলীগ নেতা মো. নবাব (৩০)।
৮ নভেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় কেরানীহাট মা শিশু হসপিটালের পূর্ব পাশে পরিত্যক্ত একটি দোকান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা যায়, জনার কেঁওচিয়া গ্রামের সামিয়ার পাড়ার আবু ছৈয়দের ছেলে সোহেল ও তার ফুফাতো ভাই নবাব ইয়াবা নিয়ে ক্রেতার জন্য কেরানীহাট মা-শিশু হসপিটালের পূর্বে একটি পরিত্যক্ত দোকানে অপেক্ষা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই দীপন চন্দ্র সরকার, এএসআই রৌশন আলী ও এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হোসেন বলেন, বুধবার রাতে ইয়াবা’সহ সোহেল ও নবাবকে গ্রেফতার করা হয়েছে। তারা কেরানীহাট বান্দরবান সড়কে একটি হসপিটালের পূর্বে পরিত্যক্ত দোকানে ইয়াবাগুলো বিক্রির জন্য অপেক্ষা করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ৭’শ পিস ইয়াবা’সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাছুম/এমবি





