রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজিরবাগ খালপাড় এলাকায় বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে তার বুকের বাম পাশে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তার ভাই আল-আমীন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত বিল্লালের বাবার নাম মালেক কাজী। তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। বর্তমানে তারা ১৩৮/২ মীর হাজিরবাগ বউ বাজার যাত্রাবাড়ী এলাকায় থাকতো।

ঘটনা প্রসঙ্গে নিহত বিল্লালের ভাই আল-আমিন জানান, এদিন সন্ধ্যায় যাত্রাবাড়ী মীর হাজিরবাগ খালপাড় এলাকায় স্থানীয় নাটাই সোহেল, বাবলা, তন্ময়, রানাসহ ৭/৮ জন তার ভাইকে গুলি করে। এতে তার বুকের বাম পাশে গুলি লাগে।

তিনি আরও জানান, তার ভাই বিল্লাল আগে নবাবপুরের রশিদ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে চাকরি করতেন। বর্তমানে তিনি বেকার ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হলো এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। এ বিষয়ে তারা থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ