নড়াইলে বজ্রপাতে সজল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বজ্রপাতসহ ব্যাপক ঝড় ও বৃষ্টি হলে এ দুর্ঘটনা ঘটে । ঝড়ের প্রভাবে বাড়িঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নিহত যুবক নড়াইল পৌর এলাকার বিজয়পুরের মিজান মোল্যার ছেলে । ঝড়ের সময় সে বাড়ির পাশে জমিতে ধানকাটছিলেন।
গত দু্ইদিনে জেলার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের টিনের চালা উড়ে ক্লাস ও অফিস রুমের কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। পাঠদানে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে কলেজ অধ্যক্ষ আল ফয়সাল। কালিয়া উপজেলার লক্ষীপুর আলিয়া মাদরাসার টিনের ঘর ও আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে পড়েছে।
লোহাগড়ার আমাদা গ্রামের এনামুল মল্লিক, জাহিদুল খানসহ কৃষকেরা জানান, গত দু’দিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া অনেক জমিতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ধানের পাশাপাশি পাট, তিল, মরিচ, উচ্ছে, বাঙ্গি, তরমুজেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
নড়াইল সদর উপজেলার পেড়ী গ্রামে মিকাইল, জিনজির মুন্সি, শিমুল খান সহ আরোও অনেকে জানান, বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষেতের ধান মাটিতে পড়ে জড়িয়ে গেছে। অনেক পাকা ও কাচা ধান পানির নীচে চলে গেছে। এছাড়া অনেক জমিতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। উচ্ছে, পাট, মরিচ, তিলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত দু’দিন ধরে জেলার পল্লী এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এতে করে মোবাইল ফোনের টাওয়ার সচল না থাকায় ফোন যোগাযোগ বন্ধ রয়েছে।
রিন্টু/জারিফ





