কক্সবাজারের মাতারবাড়ীর কাছে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা মাছধরার নৌকাগুলো ১২ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছেন ১০ জন। নিহতের পরিচয় জানা যায়নি।’

তিনি আরও জানান, নৌবাহিনীর জাহাজ সৈয়দ নজরুল এবং অপরাজেয় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

এমএম