মানিকগঞ্জে বাসচাপায় বাবুল হাসন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকার রহমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাবুল ঘিওর উপজেলার বড় বিলনালাই গ্রামের হারুন মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন বাবুল। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকার রহমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল মারা যান। এসময় গুরুতর আহত হন দিদারুল নামে আরেক আরোহী।

পরে স্থানীয়রা আহত অবস্থায় দিদারুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওএফ