ফেনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল ওরফে কসাই বাবুল নামে এক ডাকাত নিহত হয়েছে। আজ ভোরে সদর উপজেলার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত বাবুল সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ওরফে কসাই বাবুল নামে এক ডাকাতকে আটক করে।

পরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত বাবুলকে মৃত ঘোষণা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিহত বাবুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ অন্তত ৭-৮টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।