বাগেরহাটের মংলায় নির্মাণাধীন সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট ফ্যাক্টরি ভবনের ছাদ ধসে আহতদের মধ্যে শিহাব হোসেন (২৫) নামে আরেক শ্রমিক মারা গেছেন। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

শিহাব বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরাঙ্গ গ্রামের মোকছেদ আলীর ছেলে।

গত ১২ মার্চ দুপুরে মংলায় সেনাকল্যাণ সংস্থার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে সাত শ্রমিক মারা যান। শিহাব মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল আট।

নিহতের মামা রুহুল আমিন জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে শিহাব মারা যান। ভবনের ছাদ ধসের ঘটনায় তিনি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলেন।

দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মৃধা।

ভবন ধসে আহতদের মধ্যে সাতজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এদের মধ্যে একজন মারা যাওয়ায় এ হাসপাতালে এখন চিকিৎসাধীন আহত শ্রমিক থাকলেন ছয়জন। সিএমএইচ কর্তৃপক্ষের বরাত দিয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল হাসান এ তথ্য জানান।

জেএ