পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দেবর-ভাবি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের রুস্তম আলি মাঝি (৬০) ও তার ভাবি মালেকা বেগম (৫০)।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় রুস্তম আলি মাঝি ও জসিম মুন্সী গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রুস্তম ও তার ভাবি মালেকাসহ বেশ কয়েকজন আহত হন।

এ অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে দেবর-ভাবিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। প্রাথমিকভাবে হাফেজ মুন্সী ও রাবেয়া বেগম নামে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এমআর