লিবিয়ায় অপহৃত হয়েছেন স্বামী আর গ্রামের বাড়িতে স্বামীর চিন্তায় আহাজারি স্ত্রীর। লিবিয়ার দক্ষিণাঞ্চলে সিরতে শহরের আলগানি তেলখনি থেকে ইসলামী জঙ্গি সংগঠন (আইএস) কর্তৃক অপহৃত হয়েছেন নোয়াখালীর আনোয়ার হোসেন।

জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামে তার বাড়ি। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

আনোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে গয়েশপুর গ্রামের মোঃ ইউনুছ মিয়া ও আফরোজা বেগমের ছেলে। চার ভাই-বোনের মধ্যে আনোয়ার হোসেন দ্বিতীয়। তার মা-বাবা আনোয়ার হোসেনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

আনোয়ার হোসেনের স্ত্রী মারুফা খাতুনও আইএসের কবল থেকে স্বামীকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

২০১০ সালে আনোয়ার হোসেন চাকরি নিয়ে লিবিয়ায় যান। এরপর ২০১১ সালের ডিসেম্বরের শেষ দিকে দেশে আসেন। ৩৬ দিন দেশে থাকার পর ২০১২ সালে ১১ ফেব্রুয়ারি পুনরায় লিবিয়ায় যান।

বুধবার টেলিভিশনের সংবাদ মাধ্যমে মারুফা খাতুন জানতে পারেন, তার স্বামী আইএস কর্তৃক অপহৃত হয়েছেন। তাৎক্ষণিকভাবে টেলিফোনে তার স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

পরবর্তীকালে তার স্বামীর বন্ধু লিবিয়ায় অবস্থানরত কুষ্টিয়ার মইনুল হোসেনের সাথে টেলিফোনে যোগাযোগ করে জানতে পারেন, আনোয়ার হোসেন লিবিয়ায় যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আইএস-এর সাথে তারা যোগাযোগ করে জানতে পেরেছেন, আনোয়ার ভালো আছেন। এ তথ্য মইনুল হোসেন আলগানি কোম্পানির মাধ্যমে জানতে পেরেছেন বলে আনোয়ারের স্ত্রীকে জানিয়েছেন।

এ ঘটনা শোনার পর আনোয়ার হোসেনের বাবা ইউনুছ মিয়া ও মা আফরোজা বেগম, স্ত্রী মারুফা বেগমসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েন।

আনোয়ার হোসেনের রাহীন (৭) ও রাইশা (৫) নামের দুই সন্তান রয়েছে।

কেএইচ