রাজধানীর বংশালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মামা-ভাগ্নে আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে।

পুলিশ জানায়, আহত মামা-ভাগ্নে হলেন আব্দুল হান্নান বিশ্বাস (৩২) ও ভাগ্নে ইব্রাহীম মোল্লা (১৯)। তারা যাত্রাবাড়ী মীর হাজিরবাগ ছাত্রাবাসে থাকেন।

ব্যবসায়ী মামা হান্নান বিশ্বাস জানান, রাতে তারা মামা-ভাগ্নে বংশাল নাজিরাবাজার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। পরে রিকশাযোগে তারা তাদের ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় রাত সাড়ে ১২টার দিকে তাদের রিকশা গেণ্ডারিয়া দয়াগঞ্জ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করেন।

তিনি জানান, এ সময় ছিনতাইকারীরা তাদের হাতে-পিঠে ছুরিকাঘাত করে চারটি মোবাইল ফোন ও তিন হাজার আটশ’টাকা নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত আড়াইটার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। ভোরে চিকিৎসা শেষে চলে গেছেন।

কেএইচ