ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরও হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার নাটাই গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলা নিয়ে কয়েকদিন পূর্বে নাটাই গ্রামের দুই বাড়ির একদল কিশোরের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর থেকে ওই দুই বাড়ির লোকজনদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার জুমার নামাজের পর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে নাসির মিয়া (৪৫), রবিউল্লা (৪০), সালাউদ্দিন (১৬), আলমগীর (২১), মোবারক (১৫), আবু শামা (৬৬), কামাল মিয়া (৪০), বাসার মিয়া (৩০), রমজান মিয়া (২৬), সোহাগ মিয়া (২১), আবদুল্লা (১২), শাহাদাৎ (১৩), জুয়েল (১৪), যাকারিয়া (১৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কেএইচ