খুলনার দৌলতপুর থানা এলাকায় গ্রেফতারের ঘণ্টাখানকের মধ্যেই ‘বন্দুকযুদ্ধে’এক যুবক নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত যুবকের নামে চুরি-ডাকাতিসহ৯টি মামলা রয়েছে।
গতকাল (০৮ মার্চ) শুক্রবার রাত ১১টার দিকে কৃষি কলেজের পেছনের বড় মাঠ এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ।
নিহত ব্যক্তির নাম মিরাজুল ইসলাম মিরাজ (২৬)। তিনি খুলনা সিটি করপোরেশনের ফুলবাড়ী গেট জাব্দিপুর এলাকার বাসিন্দা ছিলেন।
‘বন্দুকযুদ্ধ’সম্পর্কে ওসি কাজী মোস্তাক আহমেদের ভাষ্য, রাত ১০টার দিকে দৌলতপুর থানার সেনপাড়া এলাকা থেকে আসামি মিরাজকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাতির মালামাল উদ্ধারের জন্য রাত ১১টার দিকে তাঁকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ।
“এসময় সেখানে ওত পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।”
ওসি আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২টি বন্দুকের গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ১টি স্ক্রু ড্রাইভারসহ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এমবি





