শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।
বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুল মান্নান (৫৫), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাদবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, গত বুধবার জাজিরা উপজেলার পালেচরের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় দুইটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্যা (৩৫) নিহত হন। পরে বৃহস্পতিবার বিকাল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাদবর ও নিয়াজ উদ্দীন নামে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সূত্র : ইউএনবি।
এমআর





