দুর্গাপূজা , ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিন ছুটির পর বুধবার খুলেছে সরকারি অফিস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ছিল খুবই কম। সূত্র তথ্যমতে, সচিবালয়ে উপস্থিতির হার ৪০ শতাংশেরও কম।

মন্ত্রী-প্রতিমন্ত্রীও এসেছেন হাতে গোনা কয়েকজন। নির্বাচনী এলাকায় ঈদ করার কারণে অনেকে অফিসে উপস্থিত হননি।

অন্যদিকে যারা এসেছেন তারা সচিবালয়ে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সর্বত্রই চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। বারান্দা, সিঁড়ি, লিফট—যেখানেই দেখা হচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করছেন।

অর্থ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ অবস্থায়ই রয়েছে।

অনেক কক্ষে চেয়ার-টেবিল ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। যারাও এসেছেন কাজে-কর্মে ছিল অনেকটাই ঢিলেঢালা ভাব। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা মূলত পারস্পরিক খোঁজখবর ও শুভেচ্ছা বিনিময়েই ব্যস্ত ছিলেন।

ঈদের ছুটির দুদিন পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে বাড়তি ছুটি নিয়েছেন। তারা একবারে ছয়দিন ছুটি কাটিয়ে আগামী রবিবার অফিসে ফিরবেন বলে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

অনেকে গ্রাম থেকে সরাসরি অফিসে এসেছেন। তাদের ১০টার পর সচিবালয়ে ঢুকতে দেখা গেছে। দর্শনার্থীদের তেমন চোখে পড়েনি ঈদের পর প্রথম কর্মদিবসে।

কেএ