ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রবিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম (৩৫) নোয়াগাঁও গ্রামের আবদুস সোবহানের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের বাতেন মিয়ার মালিকানাধীন চট্টগ্রামের একটি বেকারিতে একই গ্রামের আবদুস সোবহানের ছেলে রমজান মিয়া শ্রমিকের কাজ করতেন।

ঈদে বাড়িতে আসার সময় রমজান মিয়া বেকারি থেকে টাকা চুরি করে গ্রামে চলে আসেন- এ অভিযোগ বিকেলে বাতেন মিয়ার সঙ্গে রমজান মিয়ার তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে মমিনুলের অবস্থার অবনতি ঘটলে জেলা সদর হাসপাতালে আনার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে