ভোলার মনপুরায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আঃ রহমান (২০) নামে এক বখাটে যুবক’কে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৪ই অক্টোবর ভ্রাম্যমান আদালতের বিচারক এরশাদ হোসেন খাঁন এ রায় দেন।
মনপুরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ঋতু রায়(১৭) প্রতিদিন কলেজে যাওয়ার সময় হাজীর হাট ইউনিয়নের দাসের হাট গ্রামের আকিব উল্যাহ এর ছেলে আঃ রহমান মেয়েটিকে বাজে কথা বলেন।
মাঝে মধ্যে কলেজে যাওয়ার পথে বাঁধা প্রদান করে এবং শিষ দেয়। এছাড়া রাস্তা-ঘাটে মানুষের সামনে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছে। ছাত্রীর বাড়ির মোবাইল ফোনের নম্বর যোগাড় করে তা স্থানীয় অন্যান্য বখাটেদের মাঝে ছড়িয়ে দেয়।
ছাত্রীটির পরিবার সংখ্যালঘু হওয়ায় তাদের মধ্যে আতংক বিরাজ করে। উপায়ান্তর না পেয়ে অবশেষে ছাত্রীটির পরিবারের সদস্যরা মনপুরা থানা পুলিশকে অবহিত করে। ১৩ই অক্টোবর রাতে মনপুরা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার এবং এস.আই ফিরোজ আলমের নের্তৃত্বে অভিযান চালিয়ে দাসের হাট গ্রামের বাড়ি থেকে আঃ রহমানকে আটক করে। পরে ১৪ই অক্টোবর ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করলে আদালত ৩ মাসের কারাদন্ড প্রদান করে।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার বলেন, ইভটিজিং করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদন্ড দিয়েছে। ১৫ই অক্টোবর তাকে ভোলা জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি ।
এমএ





