বান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়ে আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে আরেকজন। হতাহতরা থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা।

আজ বুধবার (১৭‌ মে) বিকা‌লে জেলার রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের সীমান্তবর্তী তামলং বম পাড়ায় এলাকার পাহাড়ি রাস্তায় এ ঘটনা ঘ‌টে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে আসে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজামান মুরাদ জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচির সীমান্ত সড়কের পাশ্ববর্তী হওয়ায় হতাহতদের উদ্ধার করে থানচিতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এবিএস