বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে নোয়াখালীতে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে জেলা শহর মাইজদী পৌর বাজার এলাকায় ২টি সিএনজিচালিত অটোরিকশা ও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের উত্তরপোল এলাকায় ২টি সিএনজি অটোরিকসা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, বগাদিয়ায় গাড়ি ভাঙচুরের খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো ভাঙা গাড়ি পাইনি।
অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে কলেজ গেট এলাকায় ১টি ক্যাভার্ড ভ্যান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৩টি সিএনজি অটোরিকশা ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় ১টি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় তারা বাজারে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, বসুরহাট বাজারে আমরা কোন ভাঙচুরের খবর পাইনি।
পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন- নোয়াখালীর জেলা শহর ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, শহর ছাত্রদল নেতা আজগর উদ্দিন দুখু, জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছালা উদ্দিন সুমন, ছাত্রদল কর্মী আরিফ ও সুজনসহ ১৫জন। জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
ইআর





