৩৩ জন জেলা জজকে ট্যাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে জেলা জজদের আট দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ ট্যাব দেওয়া হয়।

প্রশিক্ষণে ৪০ জেলা ও দায়রা জজ এবং সম পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার আইনমন্ত্রী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিউশনের মহাপরিচালক মূসা খালেদ। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।

দেশের সব বিচারককে ট্যাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আইনমন্ত্রী। প্রশিক্ষণ অনুষ্ঠানে এ ট্যাব হস্তান্তরের কথা ছিল না। কিন্তু বিচারকদের উৎসাহ দিতে বিশেষ আকর্ষণ হিসেবে ট্যাবগুলো হস্তান্তর করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা জেলা পর্যায়ের বিচার ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের ওপর মামলার চাপ রয়েছে, আমরা সেটা জানি। কিছু পুরনো আইন সংশোধন করছি, বিচারকের সংখ্যা বৃদ্ধি করছি; অবকাঠামো উন্নয়নও করছি।

ইতোমধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন মানে পৌঁছেছে যে, আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রশংসা করা হচ্ছে। সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালতে দুই বাংলাদেশী বিচারককে স্থায়ী নিয়োগ এ দেশের বিচার বিভাগের মানের বড় স্বীকৃতি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিজ্ঞতাও বিভিন্ন দেশ কাজে লাগাতে চায়’ যোগ করেন আনিসুল হক।

কেএইচ