ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, ওই গ্রামের নজির শেখ ও নায়েব শেখের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গতকাল বিকেলে মাছ ধরা নিয়ে ওই দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সরকি, রামদা, ফালা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমকে





