‘কঠোর লকডাউনের’ তৃতীয় দিনে ঘর থেকে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ জুলাই) লকডাউনের তৃতীয় দিনের অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপি’র ৮টি বিভাগ।

সন্ধ্যায় ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এইসব তথ্য জানান।

ডিএমপি’র এই উপ-কমিশনার বলেন, লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।

উল্লেখ্য, শুক্রবার (০২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে। আর দ্বিতীয় দিনে ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় জরিমানা করা হয়েছিল ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

এমবি