প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বিদ্যমান ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধানের প্রস্তাব করে সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ পাস করা হয়েছে।

আজ রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।

পাস হওয়া বিলে ভোটার তালিকা আইনের ১১ ধারার ১ উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে জাতীয় ভোটার দিবসের সঙ্গে মিল রেখে কম্পিটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ প্রতিস্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৬০ দিন হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি পাসের সুপারিশ করে গত ২৩ জানুয়ারি সংসদে প্রতিবেদন জমা দেয়।

এএস