খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১৪৪ ধারা জারি করলেও তা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।
এ বিষয়ে খাগড়াছড়ি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কেউ ১৪৪ ধারা লঙ্ঘন করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।





