মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করা সংবলিত
বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেটসহ যশোরে জেলা জামায়াতের রোকন সাইদুর রহমান বিপুলকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কোতোয়ালি পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের ‘বিপুল ড্রাগ হাউজ’ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় বিপুল ড্রাগ হাউজের মালিক বিপুলকে আটক করেছে পুলিশ। তিনি শহরের ঘোপ এলাকার আবু জাফরের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, বিপুল ড্রাগ হাউজের স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান বিপুল জেলা জামায়াতের রোকন সদস্য। তার নামে থানায় অস্ত্র, বোমা, পুলিশের ওপর হামলাসহ ৫টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে জামায়াত নেতাদের মুক্তি দাবি সংবলিত বিপুল পরিমাণ পোস্টার, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য করে লেখা লিফলেট, সিডি, গোলাম আযমের লেখা বই জব্দ করা হয়েছে। লিফলেটে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করা হয়েছে।
এছাড়া ‘আবদুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে বিচারের নামে সরকারের প্রহসন দেশবাসী মানে না’ এ শিরানামের পোস্টারে জনগণ এ নির্মমতার বিচার চায় বলেও লেখা রয়েছে।
ইআর





