পিরোজপুরের নেছারাবাদে মো. মামুন মিয়া (৪১) নামে এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ বাজার গ্রামের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে ও স্থানীয় একটি বাজারের ওষুধ ব্যবসায়ী।

জানা গেছে, সকালে মামুনের পুরানো বাড়ি সংলগ্ন মাঠের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি মামুনকে হত্যা করে ওই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এমবি