চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
'বন্দুকযুদ্ধে' নিহত ব্যাক্তি ইমান আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ দাবি করেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, উপজেলার সন্তোষপুরের একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, সেখানে তিনি মারা যান। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এসময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
জেড





