মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৭ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ২ জন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ২২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪৫ শতাংশ।
এমবি





