পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভজনপুর ও দেবনগর ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

একই সময়ে বজ্রপাতে জেলার বিভিন্ন উপজেলায় অনেকে আহত হন। তাদের মধ্যে ছয় জন পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

নিহতরা হলেন- ভেলুপাড়া গ্রামের দুলু মোহাম্মদের ছেলে আজিজুল (৫০), একই ইউনিয়নের ভজনপুর কলেজপাড়া গ্রামের দুলালের ছেলে বাবু (২২), দেবনগর ইউনিয়নের শান্তিযোগ গ্রামের তফসের আলীর ছেলে শাহিরুল (২৩)।

হাসপাতাল সূত্র জানায়, বিকেলে ঝড়ের সঙ্গে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বজ্রপাত হয়। এতে তেঁতুলিয়া উপজেলায় তিন জন আহত হন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার এস এম মাহাবুবুল আলম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ