মাগুরা সদর হাসপাতালের সামনের ভাগাড় থেকে আজ বুধবার সকালে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই হাসপাতালের সামনে মাইক্রোবাসস্ট্যান্ডের পেছনে একটি ভাগাড়ে নবজাতক ছেলেশিশুর মৃতদেহ কুকুরে খাচ্ছিল। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এরপর সকাল নয়টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, ‘শিশুটি সদ্যোজাত। মরদেহটি ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আমরা চিহ্নিত ও আটকের চেষ্টা করছি। এ ব্যাপার থানায় মামলা করা হয়েছে।’
জারিফ





