নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৌলরদী গ্রামে ব্রক্ষপুত্র নদের তীরে খেলা করার সময় সোমবার বিকেলে পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষার্থীদের লাশ দেখার জন্য ওই অঞ্চলের শত শত নারী পুরুষ নদীর পারে ভিড় জমায়।

সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম তিন শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। শিশুরা হলো সাবিকুন নাহার (৮), মিথিলা আক্তার (৭) ও নিরব হোসেন (৭)।

নিহত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার সোমবার বিকেলে পাশ্ববর্তী ব্রক্ষপুত্র নদের তীরে খেলা করার সময় পাশের নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তার সহপাঠী একই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার ও মোজাম্মেলের ছেলে নিরব হোসেন তাকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে তলিয়ে যায়।

তাদের পরিবার তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে তাদের লাশ নদে ভেসে উঠলে দেখতে পায় এলাকাবাসী। লাশ উদ্ধারের পর ডেমরার মাতুয়াইল এলাকার মাতৃ ও শিশু ইনস্টিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এআই/এমবি