ভোলার চরফ্যাশন-মনপুরার সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে হামলা চালিয়েছে যুবলীগ সন্ত্রাসীরা। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও ৪টিতে আগুন ধরিয়ে দেয় তারা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডে শরীফ পাড়াস্থ সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোলার চরফ্যাশনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাজিম উদ্দিন আলমের বাসভবনে একত্রিত হয় ছাত্রদল নেতা-কর্মীরা। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা অতর্কিত বাড়ি ঘেরাও করে ভাংচুর শুরু করে। এতে পরিস্থিতি থমথমে হয়ে উঠে, আবরুদ্ধ করা হয় বাসার ভিতরে থাকা ছাত্রদল কর্মীদের।বাইরে থাকা মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার শেষ মুহূতে যুবলীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে নাজিম উদ্দিন আলমের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে,বাসায় হামলা চালিয়ে জানালা কপাটের সকল গ্লাস ভাংচুর করে। এসময় বাসার সামনে ৮ টি মোটরসাইকেল ভাংচুর ও ৪টি মোটরসাইকেল আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর চরফ্যাশন থানার অফিসার ইনচর্জি(ওসি) মু.এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অবরুদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের উদ্ধার করেন।
এ বিষয়ে চরফ্যাশন মনপুরার সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম জানান,১লা জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদল কেক কাঁটা ও আলোচনা সভায় শেষ সময় এ ধরণের হামলা বর্বরতার শামিল।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আমার বাসার মধ্যে শান্তিপূর্ন কর্মসূচি পালন করে। এ অবস্থায় কোনো ধরণের উস্কানি ছাড়াই যুবলীগ নেতাকর্মীরা এ হামলা চালায়। তিনি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
শাহীন/জারিফ





