বরিশালের বানারীপাড়ায় দুর্ঘটনায় শান্ত (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার শেষ রাতে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শান্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার বোর্ডস্কুল সংলগ্ন এলাকায় বরিশাল-বানারীপাড়া সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলটি খাদে পড়ে ৩ আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ রাতে শান্তর মৃত্যু হয়। রোববার সকালে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় আহত রিয়াজ (২৪) ও ওয়াসিম (২৩) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





