পুলিশের অনুমতি সাপেক্ষে ২০ কিলোমিটারের পরিবর্তে ডাকবাংলা মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে খুলনার ২০ দলীয় জোট।

শনিবার 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে' কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি আহবান করা হয়েছে।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবপ্রাচীর চলাকালে সভাপতিত্ব করেন সাবেক এমপি মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম মঞ্জু, জামায়াতের মহানগর আমির মাওলানা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কাজী সেকেন্দার আলী ডালিম, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, মাহফুজুর রহমানসহ স্থানীয় ২০ দলীয় জোট নেতারা।

সাবেক এমপি এম নূরুল ইসলাম মঞ্জু বলেন, অবৈধ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে দেশে নানা কালো আইন করছে। কিন্তু অতীতে কোনো স্বৈরাচারই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আগামীতেও পারবে না।

তিনি বলেন, বিএনপির এ পর্যন্ত ইলিয়াস আলীসহ ৩২ জনকে গুম করা হয়েছে। দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরে পায়ে গুলি করে পঙ্গু করে দেয়া হচ্ছে। মিথ্যা মামলায় জর্জরিত আজ সারাদেশের বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

স্থানীয় ১০ দলীয় জোট খুলনা থেকে শিরোমনী পর্যন্ত ২০ কিলোমিটার মানবপ্রাচীর করার ঘোষণা দিয়েছিল।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ