চাঁদার দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষ ড. জাহেদকে মারধরের পর এবার ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদকে ২০ লাখ টাকা চাঁদার জন্য মারধর করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে।
এঘটনায় মারধরের শিকার রাশেদ নগরীর পাঁচালাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন।
মারধরের শিকার রাশেদ জানান, গত ১৭ ফেব্রুয়ারি রনি আমার জিইসি মোড়ের অফিসে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় সে আমাকে মারধর করে। এরপর গত ১৩ এপ্রিল রনি আমাকে তার মুরাদপুরের অফিসে ডেকে নিয়ে আবারও মারধর করে। ঐ দিন রাতে সে আমার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় সন্ত্রাসী পাঠিয়ে আমার ও আমার স্ত্রীর পাসপোর্ট এবং ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
এ বিষয়ে জানতে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোচিংয়ে তার ৯ লাখ টাকার শেয়ার আছে। রাশেদ তার ব্যবসায়িক পার্টনার। তিনি তার ৯ লাখ টাকা মেরে দেয়ায় উত্তেজিত হয়ে তাকে মেরেছেন।
উল্লেখ্য, এর আগে গত মাসে নগরীর চকবাজার এলাকায় চাঁদার দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদকে মারধর করে রনি। এ ঘটনায় তার বিরুদ্ধে চকবাজার থানায় দুটি মামলা দায়ের করা হয়।
মাসুম/এমবি





