নাটোরের লালপুরে বিজয়ী ইউপি মেম্বর প্রার্থীর সমর্থকরা পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।


শুক্রবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এবং খাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে বাড়িঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ক্ষতিগ্রস্তরা জানান, বৃহস্পতিবার লালপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাকনাই কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার প্রার্থী ইউসুফ ও হান্নান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।


নির্বাচনে মেম্বার প্রার্থী ইউসুফ হোসেন বিজয়ী হলে ওই ঘটনার জের ধরে শুক্রবার হঠাৎ করে ইউসুফ হোসেনের সমর্থকরা বাকনাই এবং খাঁপাড়া গ্রামে পরাজিত প্রার্থী হান্নানের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় বাকনাই গ্রামের মহসিন আলী, সুজন, আবুল কাশেম, জাহানারা বেগম, সোলেমান আলী, সুজন হোসেনসহ ১০ জনের বাড়িতে অগ্নিসংযোগ করে।


এতে মুহূর্তের মধ্যে বাড়ি-ঘরের আসবাবপত্র, নগদ টাকা, চালসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এসময় ভাঙচুর করা হয়েছে দোকানপাটসহ অন্তত ৩৫টি বাড়ি। এ ঘটনায় আহত ১০ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এম আর