দেশের ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, আমরা গত পরশু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর তালিকা পেয়েছি। গতকালই (১২ অক্টোবর) এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, আমাদের ওপর উচ্চ আদালতের নির্দেশ রয়েছে অনিবন্ধিত পোর্টালগুলো বন্ধ করার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে তালিকাগুলো আমাদের দিয়েছে, তা অনিবন্ধিত পোর্টাল হিসেবে, সেগুলো বন্ধ করা হয়েছে।

গত ১০ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার অনুরোধ করা হয়। এরমধ্যে একটি নিউজ পোর্টাল বন্ধ না করে চালু রাখারও অনুরোধ করা হয় ওই পত্রে।

এমবি