চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। চার দিন আগের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, আজ বুধবার ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ ৩ জনের লাশ ভেসে ওঠে। এই ৩ জন হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)।

রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা।

ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত ৫ জনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও ৯টি লাশ।

নৌকাডুবির ওই ঘটনায় এখনো দুই থেকে ৩ জন নিখোঁজ থাকতে পারে বলে সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলামের ধারণা।

এমবি