নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া গ্রামে মুরগীর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জানা গেছে, হাতিয়াড়া গ্রামের মধ্যপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশ পাঠক বাড়ির কিছুদুরে একটি মুরগীর খামার গড়ে তুলেছেন। জনবসতি এলাকায় মুরগীর খামার করায় প্রতিবেশিরা মুরগীর বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে।

গত তিন বছর যাবত মারাত্মক দুর্গন্ধ সহ্য করে বসবাস করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। কোমলমতি শিশু কিশোররা ওই দুর্গন্ধের কারনে সকাল সন্ধ্যা বই নিয়ে বসতে পারছে না। ওই পথ দিয়ে স্কুলে যেতে চায়না। এমনকি খাবারও খেতে চায় না শিশুরা। দুর্গন্ধ এড়াতে অনেকেই বাড়ি ছেড়ে দুরে অন্য বাড়ি ও গাছতলায় গিয়ে সময় কাটান। এ পর্যন্ত ওই খামারের দুর্গন্ধে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে।

দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী খামার মালিক রমেশ পাঠককে খামারটি জনবসতি এলাকার বাইরে স্থাপন করার অনুরোধ করলেও তিনি তা শোনেননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ ও ওয়ার্ড সদস্য অসীম পাল একাধিকবার খামারটি সরানোর অনুরোধ করে ব্যর্থ হয়েছেন।

নিরুপায় হয়ে প্রতিবেশি সমর আঢ্য, কংকন পাঠক, পিযুশ বিশ্বাস, সনাতন বিশ্বাস ও তাপস পাঠক নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার দীর্ঘ ছয় মাস পার হলেও কোন ব্যবস্থা না নেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মুরগীর খামারের পাশ্ববর্তী বাসিন্দারা।

মুরগীর খামারটি সদর উপজেলার তুলারামপুর-শেখহাটি সড়ক সংলগ্ন হওয়ায় পথচারিরাও পড়েছেন বিপাকে। সচেতন এলাকাবাসী জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে খামারটি অপসারনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

রিন্টু/জারিফ