নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মাটির পাতিল থেকে প্রায় ২০ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চিংড়ি পোনাসহ ৭ জেলেকে আটক করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেঘনার বদনারচর এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হচ্ছেন- সিরাজ (৩০), বাবর (২৯), সাহাব উদ্দিন (৩০), জসিম উদ্দিন (৩৩), সোহেল (২৮), ইসমাইল হোসেন (৩৩) ও বাহার উদ্দিন (৩০)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লে. রাশেদের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় বদনারচর এলাকায় ‘এম ভি লিপন’ নামের একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ২০লাখ চিংড়ি পোনাসহ ৭ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লে. রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেরা ট্রলারে চিংড়ি পোনাগুলো বিক্রির জন্য খুলনা নিয়ে যাচ্ছিল।

জব্দকৃত পোনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে হাতিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃত সাত জেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/এমকে