খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নস্থ দুর্গম কালাপাহাড়ের পাদদেশে অবস্থিত লক্ষিছড়ি সেনা জোনের ইন্দ্রসিং পাড়া ক্যাম্পের অন্তর্গত শুকনাছড়ি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান পিএসসি, জি।

কালাপাহাড়ের পাদদেশে এ জনপদ অত্যন্ত দরিদ্র এবং আর্থ-সামাজিক দিক থেকেও পিছিয়ে আছে। গাড়ি চলাচলের রাস্তা না থাকায় হেলিকপ্টারে করে শীতবস্ত্রগুলো ইন্দ্রসিংপাড়া ক্যাম্পে পৌঁছানো হয়।

পরে সাড়ে ৩ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় মেম্বার শুক্রামনি চাকমা সহ হেডম্যান, কার্বারি, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান পিএসসি জি বলেন, সেনাবাহিনী পাহাড়ে বসবাসরত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার প্রমাণ অত্র এলাকার একমাত্র স্কুলে ২ জন প্যারা শিক্ষকের নিয়োগ, যার বেতন সেনাবাহিনী বহন করছে। তাছাড়া সেনাবাহিনীর উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণসহ আর্ত-মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় তিনি আরো বলেন, এই এলাকা দুর্গম হওয়াতে নিজেদের রেশন কম এনে হেলিকপ্টারে আপনাদের জন্য শীত বস্ত্র নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।


বকর/জেড