মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভৈরব নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই স্কুলছাত্রীর মরাদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- রসিকপুর গ্রামের হাশেম আলীর মেয়ে ববিতা খাতুন ও একই গ্রামের হাবুর আলীর মেয়ে তানিয়া খাতুন। দু’জনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি বিল্লাল হোসেন উপজেলার রসিকপুর ঘাটের অদূরে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
রবিবার (৯আগষ্ট) বিকেল ৩টার দিকে স্কুল থেকে বাড়ির ফেরার সময় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন তারা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, নিখোঁজের পর ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। রাতে বন্ধ থাকলেও সকালে ডুবুরিরা ফের উদ্ধার শুরু করলে কিছুক্ষণের মধ্যেই রসিকপুর ঘাটের অদূরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকা ডুবির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এআই





