প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোন ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইলে এএমসিসি অ্যান্ড এস পরিচালিত মহিলা রিক্রুট ব্যাচ-এর শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার নারী সৈনিক যোগ হলো। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক।
তিনি বলেন, সরকার নারী উন্নয়ন নীতি ২০১১ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন ২০১০ প্রণয়ন করেছে, বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৪০টি মন্ত্রণালয়ে জেন্ডার সেন্সেটিভ বাজেট দেশে তৈরি হচ্ছে।
সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে নারী অফিসাররা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীকে সুসজ্জিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
এর আগে সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে ঘাটাইলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এআর





