ঢাকার রামপুরাসংলগ্ন উলন থেকে ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত গ্রিডে সমস্যা হওয়ায় রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বৃহস্পতিবার বিকাল থেকে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে ধানমন্ডি, কাঁটাবন ও কাকরাইল—এই তিনটি বিতরণ উপকেন্দ্র সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এর ফলে সম্পূর্ণ ধানমন্ডি এলাকা, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোপখানা রোড, পুরানা পল্টন, নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, কারওয়ান বাজার, রাজাবাজার, ফার্মগেট, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়াসহ রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।

রাত ১০ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানির পাশাপাশি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী ও কর্মচারীরা গ্রিড মেরামতের কাজ করছিলেন। কিন্তু মূল সমস্যা তখন পর্যন্ত সেরে তোলা সম্ভব হয়নি।

পাওয়ার গ্রিড কোম্পানির একটি সূত্র জানায়, উলন গ্রিড উপকেন্দ্রের একটি ব্রেকার পুড়ে গিয়ে ও প্রেশার পাইপ ফেটে গিয়ে বিপর্যয় সৃষ্টি করে। মেরামতের একপর্যায়ে ধানমন্ডির গ্রিড লাইনটি চালু করতে গিয়ে সেটিতে অন্য সমস্যা দেখা দেওয়ায় তা চালু হচ্ছে না। মেরামতের কাজ অব্যাহত রয়েছে।

ডিপিডিসির নির্বাহী পরিচালক (পরিচালন ও প্রকৌশল) মিজানুর রহমান বলেন, পাওয়ার গ্রিড কোম্পানির পাশাপাশি তাঁদের প্রকৌশলী-কর্মচারীরাও কাজ করছেন। এ ছাড়া অন্যান্য এলাকা থেকে বিকল্প লাইনে সীমিত পরিমাণ বিদ্যুৎ এনে লোডশেডিংয়ের কবলে পড়া এলাকায় সরবরাহ করা হচ্ছে। গ্রিড সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

গ্রিড কখন চালু করা যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কোনো কর্তৃপক্ষ কিছু বলতে পারেনি।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ