মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ফেরিটি ডুবে যায়, তা জানা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে আনলোড করার সময় ফেরিটি উল্টে যায়।
ফেরি উল্টে যাওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। উদ্ধারকাজ করতে মুন্সিগঞ্জ থেকে প্রত্যয় নামে একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।
এইচএন





