চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুৎ প্রকল্প সরানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, উদ্যোক্তা চাইলে বাঁশখালী থেকে বিদ্যুৎ প্রকল্প সরাতে সহায়তা করবে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা নিয়ে আয়োজিত এক কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ইঙ্গিত দিয়েছেন।

গত সোমবার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে পুলিশ গুলি চালালে চারজন নিহত হয় এবং আহত হয় অনেকে। দীর্ঘদিন ধরে সেখানে স্থানীয়দের প্রতিবাদ চলছিল।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের সুবিধা বাড়াতে খরচ বাড়ছে, তাই দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো তিন বছর লাগবে।’ সঞ্চালন লাইন ও বিতরণ সমস্যার কারণে লোডশেডিং সমস্যাও থাকতে পারে বলে এ সময় জানান তিনি।

রাজধানীতে নিরবছিন্ন ও ত্রুটিমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ উপকেন্দ্র ও বিতরণ লাইন মাটির নিচে নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ওএফ