আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাঠানো এক শোকর্বাতায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’ শোতবার্তায় মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে সমবেদনা জানাতে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সমবেদনা জানান বলে নিশ্চিত করেছেন দলটির দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন। বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন হবে বলে জানান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

এএস